নিজস্ব প্রতিবেদক
মাফিয়ারা সরকারও নিয়ন্ত্রণ করে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, ‘আসলে মাফিয়াদের বিরুদ্ধে কথা বলতে গেলে একটু কম বলতে হয়। সরকারের বিরুদ্ধে বলা যায়, মাফিয়াদের বিরুদ্ধে কথা কম বলতে হয়। এখন সরকারও কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করে মাফিয়ারা। এই মাফিয়াদের হাত এত শক্তিশালী, এরা যে কোনো সরকারও চেঞ্জ (পরিবর্তন) করতে পারে।সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলা অডিটরিয়ামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে এক বিশেষ ‘চায়ের আড্ডায়’ এসব কথা বলেন হান্নান মাসউদ।ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা হাদি হত্যার বিচার চাই এবং এই দাবিতে ইনকিলাব মঞ্চ যে আন্দোলন করছে, তাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু মনে রাখতে হবে, শুধু হাদি নয়, এরকম বহু হাদিকে হত্যা করা হয়েছে, যাদের বিচার আজও মেলেনি।হান্নান মাসউদ জোর দিয়ে বলেন, হত্যাকাণ্ডের বিচার না হওয়ার মূল কারণ হচ্ছে বিদ্যমান পচা-গলা সিস্টেম। ব্যক্তি বিশেষের পরিবর্তনের চেয়ে সিস্টেমের পরিবর্তন বেশি জরুরি। আমরা এই জরাজীর্ণ সিস্টেম পরিবর্তনের লড়াই করছি। সিস্টেম চেঞ্জ হলে অনেক কিছুই নিজে থেকে সোজা হয়ে যাবে এবং সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে।তিনি আরও বলেন, বাংলাদেশের সিস্টেমগুলোই এমন করে রাখা হয়েছে ‘আপনি যতই চিল্লান রাস্তায় রাস্তায়, কিছু হবে না। সিস্টেমের জন্য চাপ দিয়ে ফুল সিস্টেম চেঞ্জ করতে হবে। ফুল দুর্নীতিটা বন্ধ করতে হবে। আর দুর্নীতি বন্ধ করলে সিস্টেম সম্ভব। সিস্টেম চেঞ্জ করতে হলে প্রথমে তাদের সেই দুর্নীতি বন্ধ করার জন্য যে অপশনগুলো আছে, তার পরিবর্তন করতে হবে।’এ সময় এনসিপির জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।