গোলাম সরোয়ার মেহেদী
বরগুনা, ১৫ মে ২০২৬: জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে ৭৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসেন সরদার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, শুক্রবার (১৫ মে) বরগুনা সদর থানাধীন ২ নং গৌরিচন্না ইউনিয়নের ২ নং ওয়ার্ড খেজুরতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি টিম। এসআই (নিরস্ত্র) মোঃ সাইতুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ধৃত আসামীর বাড়ির সামনে গোমস্তা রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধারকৃত ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ২২,৫০০ টাকা।বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে সর্বাত্মক অভিযানের নির্দেশ দিয়েছেন। এর ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে পুলিশ।গ্রেফতারকৃত মনির হোসেন সরদারের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।পুলিশ আরও জানিয়েছে, মাদকমুক্ত, চাঁদামুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণকে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।