আন্তর্জাতিক টুডে, অনলাইন
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডিতে অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তারও করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। এবার নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)।শুক্রবার (৮ মে) বসন্তকালীন সমাবর্তনে এ সম্মাননা দেওয়া হয় তাদের। সমাবর্তন অনুষ্ঠানে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত হয়ে জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন।মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেলেন লিমন ও বৃষ্টিবিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ‘স্প্রিং ২০২৬’ সমাবর্তনে প্রায় আট হাজার শিক্ষার্থীর সঙ্গে লিমন ও বৃষ্টিকেও ডিগ্রি দেওয়া হয়। তাদের স্মরণে সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।শুক্রবার সকালে ডক্টরাল ডিগ্রি প্রদানের মূল অনুষ্ঠানে লিমন-বৃষ্টির সম্মানে অনুষ্ঠানস্থলে দুটি খালি চেয়ার নির্ধারিত পোশাকে (রেগালিয়া) সজ্জিত করে রাখা হয়। এ বছর ৩৯৩ জন ডক্টরাল ডিগ্রিধারীর তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। এর এক সপ্তাহ পর ফ্লোরিডার টাম্পায় হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর কাছ থেকে জামিলের দেহাবশেষ উদ্ধার করা হয়। এর দুদিন পর একই এলাকার ম্যানগ্রোভ বনের ভেতর থেকে বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়।হত্যার অভিযোগে ২৬ বছর বয়সী হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পরিকল্পিত খুনের দুটি অভিযোগ আনা হয়েছে এবং বর্তমানে তিনি কারাগারে আছেন।