গোলাম সরোয়ার মেহেদী
মোবাইল গেমিং ও ক্যাসিনোর নেশা সমাজে কতটা ভয়াবহ রূপ নিতে পারে, তার এক বাস্তব চিত্র ফুটে উঠেছে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালি বাজারে। অনলাইন জুয়ায় টাকা হেরে বিকাশের পাওনা পরিশোধ না করে পালিয়ে যাওয়ার সময় মাফুজা (২৫) নামে এক মাদকাসক্ত তরুণীকে আটক করেছে স্থানীয় জনতা।শনিবার (২৫ এপ্রিল) বেলা আনুমানিক ১২:০০ টার দিকে চান্দখালি বাজারের "মায়ের দোয়া স্টেশনারি" নামক একটি বিকাশ এজেন্টের দোকানে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দোকানদার মো: বিপ্লব হাওলাদার জানান, মীরার হাট এলাকার বাসিন্দা মাফুজা নামের ওই তরুণী তার বিকাশ অ্যাকাউন্টে ১০,০০০ টাকা ক্যাশ-ইন করেন। টাকা দেওয়ার কথা বলে তিনি দোকানের আশেপাশে অবস্থান করে মোবাইলে বুঁদ হয়ে থাকেন।কিছুক্ষণ পরেই তরুণীটি টাকা পরিশোধ না করে আকস্মিক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। দোকানদার বিপ্লব হাওলাদার তাকে ধাওয়া করে ধরে ফেলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীটি টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও, স্থানীয়দের উপস্থিতিতে তার মোবাইল চেক করা হয়। দেখা যায়, ক্যাশ-ইন করা ১০,০০০ টাকা তিনি তাৎক্ষণিক অনলাইন ক্যাসিনো বা জুয়ায় বাজি ধরে হেরে গেছেন। তল্লাশিতে তার মাদকাসক্ত হওয়ার বিষয়টিও স্পষ্টভাবে ফুটে ওঠে।আটক তরুণীর অভিভাবকের সাথে যোগাযোগ করা হলে তারা তার দীর্ঘদিনের বিপথগামী আচরণের কারণে দায় নিতে অস্বীকার করেন। নিরুপায় হয়ে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। চান্দখালী তদন্ত কেন্দ্র হয়ে তাকে বেতাগী থানায় পাঠানো হয়।বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারুন অর রশিদ অভিযুক্তের অভিভাবককে থানায় তলব করেন। তিনি নিশ্চিত করেন যে, তরুণীটি চরমভাবে মাদকাসক্ত এবং অনলাইন জুয়ার নেশায় আক্রান্ত। অপরাধের শাস্তি হিসেবে জেলে না পাঠিয়ে তাকে সংশোধনের সুযোগ দিতে এবং সুস্থ জীবনে ফিরিয়ে আনতে রিহ্যাবিলিটেশন সেন্টারে (মাদক নিরাময় কেন্দ্র) পাঠানোর পরামর্শ দেন তিনি। ওসির পরামর্শে অভিভাবকরা তাকে রিহাবে পাঠাতে সম্মত হন।বর্তমানে স্মার্টফোন এবং ইন্টারনেটের সহজলভ্যতার সুযোগে 'অনলাইন ক্যাসিনো' বা 'মোবাইল জুয়া' মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। এই ডিজিটাল নেশা শুধু অর্থই ধ্বংস করছে না, তরুণ প্রজন্মকে ঠেলে দিচ্ছে মাদক ও অপরাধের দিকে।