গোলাম সরোয়ার মেহেদী
বরগুনার বেতাগীতে উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর জমকালো উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাধুলার এই মহোৎসবের উদ্বোধন করেন বরগুনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও মাননীয় চিফ হুইপ (বাংলাদেশ জাতীয় সংসদ), জনাব আলহাজ্ব নূরুল ইসলাম মনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। আজকের এই খুদে ফুটবলাররাই আগামী দিনে জাতীয় পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে।"অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মো: শাহজাহান কবির এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: ওয়াহিদুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বেতাগী প্রেস ক্লাবের সভাপতি জনাব আলহাজ্ব কামাল হোসেন খান।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: সাদ্দাম হোসেন।বেতাগী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে মাঠের চারপাশে খুদে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিতে এবং নতুন প্রতিভা অন্বেষণে এ ধরনের টুর্নামেন্ট অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের কর্মকর্তারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।