রিপন বিশ্বাস, নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম শুরু হয়।উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এ সময় নির্ধারিত বয়সী শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য বিভাগের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ডা. রাফি, ডা. পার্থ প্রতিম বিশ্বাস (আরএমও) ভারপ্রাপ্ত, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. তাজ মোহাম্মদ মল্লিক, চিকিৎসকগন, স্বাস্থ্যকর্মীগন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। তাই অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান তারা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে নির্ধারিত টিকাকেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। টিকাদান কার্যক্রম সফল করতে স্বাস্থ্যকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন।